তামিলনাড়ুর রাজনীতিতে বহু নাটকীয় মুহূর্ত এসেছে। তবে থালাপথি বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দিনটি ছিল একেবারেই ভিন্ন ধাঁচের! এটি শুধু একটি শপথ অনুষ্ঠান ছিল না; বরং নতুন রাজনৈতিক যুগের ঘোষণার মতোই সাজানো হয়েছিল পুরো আয়োজন!
কালো ট্রাউজার ও ব্লেজারে মঞ্চে হাজির হওয়া বিজয় যেন শুরুতেই বুঝিয়ে দেন তিনি প্রচলিত তামিল রাজনীতির ছকে হাঁটতে চান না। ঐতিহ্যবাহী রাজনৈতিক পোশাক পরিহার করে বিজয় যেন এদিন নতুনের কেতন উড়ালেন!
বিজয়ের শপথ অনুষ্ঠানের পুরো আয়োজনটিতে ছিল আধুনিকতা, ভিজ্যুয়াল পরিকল্পনা ও সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক উপস্থাপনার স্পষ্ট ছাপ। যেন টেলিভিশনের দর্শক, ইনস্টাগ্রাম রিলস আর ভাইরাল ক্লিপে অভ্যস্ত নতুন প্রজন্মের জন্যই তৈরি করা হয়েছে এই রাজনৈতিক মঞ্চ!
তামিলনাড়ুর রাজনৈতিক সংস্কৃতিতে সাধারণত নেতারা শপথ শেষ করেই আনুষ্ঠানিকতা সেরে মঞ্চ ত্যাগ করেন। কিন্তু বিজয় সেই পথ অনুসরণ করেননি। শপথের পর তিনি সরাসরি জনতার উদ্দেশে ভাষণ দেন। এরপর মঞ্চেই ক্যামেরার সামনে সরকারি ফাইলে স্বাক্ষর করেন, যা ছিল পুরোপুরি প্রতীকী কিন্তু অত্যন্ত শক্তিশালী এক রাজনৈতিক বার্তা।
ভাষণে থালাপথি বিজয় স্পষ্টভাবে বলেন,“টিভিকের মধ্যে কোনো সমান্তরাল ক্ষমতার কেন্দ্র নেই। আমিই একমাত্র নেতৃত্ব।”


